মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় বরিশাল সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বহিষ্কৃত যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম বাদশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নগরীর ভাটিখানা এলাকার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান মামলার বরাত দিয়ে বলেন, ‘বাদী মঞ্জুর মোরশেদ দীর্ঘদিন প্রবাসে বসবাস করছেন। বিভিন্ন সময় তিনি দেশে আসা যাওয়া করতেন। ২০১৮ সালে প্রধানমন্ত্রীর বরিশালে আগমন উপলক্ষে অনুষ্ঠানের খরচ বাবদ কাউন্সিলর বাদশা বাদীর কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অস্বীকার করায় কাউন্সিলর বাদশা ক্ষিপ্ত হন। এছাড়া গত বছরের ২১ ফেব্রুয়ারি বাদী তার বসত বাড়িতে ঘর নির্মাণের জন্য ইট বালু আনলে বাদশা তার সহযোগীদের নিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে না চাইলে নির্মাণ কাজ বন্ধ করে দেন বাদশা।’
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর বাদশা বলেন, ‘একটি মহল আমার ওপর ক্ষুব্ধ হয়ে প্রবাসীকে দিয়ে মামলা দায়ের করিয়েছে।’
প্রসঙ্গত, কাউন্সিলর বাদশা অনুপ্রবেশকারীদের তালিকায় থাকায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।








