বরিশালের উজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ভর্তি হওয়া ৯ বছরের রাহাত ফরাজী ২১ দিন পর বাড়ি ফিরেছে। সোমবার (৪ মে) শিশুটিকে এক মাসের চাল, ডাল, আলু, ফল দিয়ে বিদায় জানায় উজিরপুর উপজেলা প্রশাসন। শিশুটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মধ্য রাকুদিয়া গ্রামের শিমুল ফরাজীর ছেলে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শওকত আলী বলেন, ১৩ এপ্রিল জ্বর, কাশি, গলাব্যথা, মৃদু শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে রাহাত। তাকে ভর্তি করে আইসোলেশনে রাখা হয়। ১৪ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে বরিশাল সির্ভিল সার্জনের কাছে পাঠানো হয়। ১৬ এপ্রিল শিশুটির করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে হাসপাতালে চিকিসাধীন রাখা হয় রাহাতকে।
২৪ এপ্রিল ফের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৬ এপ্রিল করোনা নেগেটিভ রিপোর্ট আসে। এরপরও সন্দেহ হলে ২ মে পুনরায় নমুনা সংগ্রহ করে আবার পরীক্ষা করতে পাঠালে ৩মে নেগেটিভ রিপোর্ট আসে। এছাড়াও শিশুটির চিকিৎসার সময় তার কাছে আইসোলেশনে থাকা বাবা ও দাদিকেও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে তাদেরও করোনা নেগেটিভ পাওয়া যায়।








