পটুয়াখালী সদরের ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে নৌকার কর্মীদের দু’দফা হামলায় স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদ সিকদার (৪৫)-সহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোনখোলা গ্রামে এবং দুপুরে বরকতীয়া মৃধা মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত ওই প্রার্থী ও তার কর্মী রাকিবুল ইসলামকে (২৬) উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়রা যানান, দুপুরে ওয়াদুদ সিকদার তার কর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারণায় মৃধা মার্কেটে গেলে নৌকার কর্মীরা তার ওপর অতর্কিতে হামলা চালান। এতে তিনি এবং তার বেশ কয়েকজন নেতাকর্মী সামান্য আহত হন। পরে সন্ধ্যায় তিনি সোনখোলা গ্রামে নির্বাচনি প্রচারণায় গেলে ফের বাদশা, নসা মৃধা, জাহাঙ্গীর মাস্টার, রুমান, রিপন ও বাচ্চু ফকিরসহ নৌকার অন্তত অর্ধশত নেতাকর্মী তাদের ওপর হামলা চালান। এতে স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদ সিকদার ও তার কর্মী রাকিবুল ইসলাম গুরুতর আহত হন। এছাড়া তার ছেলে সুজন ও কর্মী তানিয়াসহ অন্তত ১০ জন আহত হন।
এ বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেনের সঙ্গে মুডোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, উভয় পক্ষ মোবাইল ফোনে পরস্পর বিরোধী অভিযোগ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









