বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১১) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে ওই কিশোরকে শিশু আদালতে সোপর্দ করা হলে বিচারক আবু শামীম আজাদ যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান। একই সময় ভিকটিমের মেডিক্যাল পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্কুলছাত্রীর স্বজনরা জানান, ৬ আগস্ট বিকালে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী দোকানে যায় সে। ফেরার পথে অভিযুক্ত ও তার সহযোগী জোর করে তাকে তুলে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। গ্রেফতার কিশোর ধর্ষণ করে বিষয়টি গোপন রাখতে ভয়ভীতি দেখায়। পরে বাড়ি ফিরে সে মাকে বলে দেয়। ওই ছাত্রীর মা মামলা করতে চাইলে অভিযুক্ত কিশোরের পরিবারের পক্ষ থেকে বাধা দিয়ে সালিশের প্রস্তাব দেওয়া হয়। শনিবার বিকালে কাজিরহাট থানা পুলিশ জানতে পেরে স্কুলছাত্রী ও তার মাকে থানায় নিয়ে আসে। এরপর তার মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
কাজিরহাট থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘শনিবার রাতে চর মাধবরায় গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে রবিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়। তার সহযোগীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’









