ঝালকাঠির নলছিটি উপজেলায় সোবহান খলিফা (৬০) নামের এক বৃদ্ধকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার মগড় ইউনিয়নের শ্রীরামপুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।সোবহান খলিফা উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত রশিদ খলিফার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে অটোরিকষা নিয়ে বের হন সোবহান। এরপর আর বাড়ি ফেরেননি। হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা। তার অটোরিকশাও পাওয়া যায়নি।
সোবহানের ছেলে আল মামুন বলেন, পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিষয়টি তদন্ত করছে। ঘটনাটি কীভাবে সংঘটিত হলো তা তদন্তের পরে বলা যাবে।









