পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন ছাত্রদলের ইফতার মাহফিলের ব্যানারে নিজের নাম না দেখে ক্ষুব্ধ হয়ে তা ছিঁড়ে ফেলেছেন মঠবাড়ীয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল। এতে ইফতার অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সাফা ডিগ্রি কলেজের পাশে খোলা জায়গায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মঠবাড়ীয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল নিজ হাতে ব্যানার ছিঁড়ছেন এ ভিডিও এ প্রতিনিধির হাতে এসেছে।
জানা গেছে,বু ধবার (২৭ এপ্রিল) বিকালে মঠবাড়ীয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফিলে যোগদেন মঠবাড়ীয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল। মঞ্চে অতিথির আসনে বসে পেছনে তাকিয়ে দেখেন ব্যানারে তার নাম বা ছবি নেই। পরে তিনি উত্তেজিত হয়ে ব্যানার ছিঁড়ে ফেলে চলে যান।
স্থানীয় বিএনপির কয়েকজন নাম না প্রকাশ না করার শর্তে জানান, একজন উপজেলা পর্যায়ের সিনিয়র নেতার কাছ থেকে এমন ঘটনা অপ্রত্যাশিত। যেই ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রয়েছে সেই ব্যানার রুহুল আমিন দুলাল ছিঁড়তে পারেন না।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন রহুল আমিন দুলাল।









