বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ শরীফের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন দুই সন্তানের জননী। বর্তমানে তিনি শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।
রিয়াজ উপজেলার আউলিয়াপুর গ্রামের জালাল শরীফের ছেলে। রবিবার রাতে রিয়াজের বাড়িতে অভিযান চালানো হলেও পুলিশ তাকে পায়নি। সে আত্মগোপন করেছে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে নির্যাতনের শিকার গৃহবধূর ছেলেকে প্রাইভেট পড়ানো শুরু করেন ছাত্রলীগ নেতা রিয়াজ শরীফ। ওই বাড়িতে নিয়মিত যাতায়াতের সুবাদে গৃহবধূর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই বছরের ৩১ ডিসেম্বর রিয়াজ দুই সন্তানের জননীকে বিয়ের কথা বলে বরিশাল নগরীর কাজী অফিসে নিয়ে স্বামীকে তালাক দেওয়ায়। তখন কাজী অফিসে গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে বিয়ের কাবিনে রিয়াজ নিজেই স্বাক্ষর করেন। এরপর নগরীর পলাশপুরে একটি ভাড়া বাসায় উঠে সেখানে তারা স্বামী-স্ত্রী হিসেবে দেড় বছর বসবাস করেন। পরবর্তীতে নগরীর কারিকর বিড়ি ব্রাঞ্চ খ্রিস্টানপাড়া ভাড়া বাসায় স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন। সম্প্রতি রিয়াজ ওই গৃহবধূর সঙ্গে খারাপ আচরণ শুরু করেন এবং বাসায় আসা যাওয়া বন্ধ করে দেন। বিষয়টি গৃহবধূর সন্দেহ হলে রিয়াজ শরীফের কাছে বিয়ের কাবিননামা দেখতে চান। রিয়াজ কাবিননামার বিষয়টি এড়িয়ে যেতে চান। গত ৪ অক্টোবর রাত ৮টায় নগরীর সাগরদী কারিকর বিড়ি ব্রাঞ্চ রোডের খ্রিস্টান পাড়ার ভাড়া বাসায় গৃহবধূকে ধর্ষণ করে শরীফ।
মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ছগির হোসেন বলেন, রাতেই রিয়াজ শরীফের বিরুদ্ধে ওই গৃহবধূ ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরপরই আসামি রিয়াজকে গ্রেফতারে বাকেরগঞ্জের রঙ্গশ্রী গ্রামে অভিযান চালানো হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। সে আত্মগোপন করেছে।








