বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর কাছে বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহর কাছ থেকে গত চার বছরে সহযোগিতা না পাওয়ার নানা অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। একইসঙ্গে ব্যবসাবান্ধব নগরী গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।
রবিবার (২৮ মে) দুপুরে বরিশাল নগরের একটি হোটেলের মিলনায়তনে মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন ব্যবসায়ীরা। অভিযোগের উত্তরে মেয়র হলে নগরীকে ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন আবুল খায়ের আব্দুল্লাহ। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্স যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন আবুল খায়ের আব্দুল্লাহ।
বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান, চট্টগ্রাম পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি বিলকিস আহমেদ, পরিচালক নাজমুন নাহার, সারবিন ফেরদৌসি ও রোকসানা আইভি, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রেজিন উল কবির, নোমান মল্লিক, মির্জা মোজাম্মেল হোসেন প্রমুখ।
সভায় ব্যবসায়ী নেতারা বলেন, দীর্ঘদিনেও বরিশাল ব্যবসাবান্ধব নগরীতে রূপ নেয়নি। বিশেষ করে বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহর সময়ে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিসিক শিল্প নগরীর উন্নয়নে বাধা থেকে শুরু করে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স পর্যন্ত দেওয়া হয়নি। অনেকে অবকাঠামো গড়ে তুললেও ব্যবসা শুরু করতে পারেননি। এ অবস্থায় কেউ কেউ বরিশাল ছেড়ে ঢাকামুখী হয়েছেন।
তারা আরও বলেন, এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন সময়ে মেয়র সাদিক আব্দুল্লাহর সঙ্গে ব্যবসায়ীরা দেখা করতে গেলেও দেখা মেলেনি। এজন্য ঘণ্টার পর ঘণ্টা, মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। গত চার বছরে সিটি করপোরেশন এবং মেয়রের পক্ষ থেকে কোনও ধরনের সহযোগিতা পাননি ব্যবসায়ীরা। ফলে বরিশাল নগরে শিল্প, ব্যবসা-বাণিজ্যের উপযুক্ত পরিবেশ গড়ে ওঠেনি এবং সম্প্রসারণ হয়নি। আগামী নির্বাচনে যিনি মেয়র হবেন, তিনি যেন শিল্প, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা সুনিশ্চিত করেন; সেই প্রতিশ্রুতি চান ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ী নেতাদের অভিযোগের জবাবে আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, ‘বরিশালে কখনও ব্যবসার পরিবেশ তৈরি করা হয়নি। অথচ ব্যবসা হচ্ছে অর্থনীতির মূল চালিকা শক্তি। আমি নির্বাচিত হলে বিগত দিনের এই ব্যর্থতা ঘোচানোর চেষ্টা করবো। বরিশালে শিল্প এলাকা আছে, কিন্তু শিল্প কারখানা নেই। অথচ সরকার ব্যবসার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। যার প্রমাণ দেশে এখন চারটি সমুদ্রবন্দর আছে। বরিশালের ব্যবসায়ীরা নানা প্রতিকূলতার শিকার হচ্ছেন। বিশেষ করে বিসিকের ব্যবসায়ীরা। যা একটি সভ্য দেশে কাম্য নয়।’
মেয়র হলে ব্যবসাবান্ধব নগরী গড়ে তুলবো উল্লেখ করে আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, ‘বরিশালে কীর্তনখোলার মতো নদী আছে। এখানে ইপিজেড নির্মাণও সম্ভব। ব্যবসায়ী ও মানুষের এসব স্বপ্নপূরণের জন্য আগামী ১২ জুন নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। এসব সমস্যার সমাধান করবো।’








