কুয়াকাটা সমুদ্রসৈকতে বসেই প্রথম পরিচয়। সেখান থেকে চা-সিগারেট এবং আড্ডা। এরপর চোর নিজেই সেই পর্যটকদের সঙ্গে গড়ে তোলে বন্ধুত্ব। পর্যটকরাও বিশ্বাস করে নিয়ে যায় হোটেলে। রাতভর আড্ডা দিয়ে সবাই ঘুমিয়ে পড়লে সর্বস্ব লুট করে পালিয়ে যায় চোর।
সম্প্রতি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে বেড়াতে আসা তিন পর্যটকের সঙ্গে ঘটে যাওয়া অভিনব চুরির ঘটনা এটি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুয়াকাটা সৈকতে বসে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রুহুল মোল্লার বখাটে ছেলে হৃদয় মোল্লার সঙ্গে পরিচয় হয় বরিশাল থেকে আসা বাঁধন সাহাসহ তার তিন বন্ধুর। কৌশলে তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে রাত্রিযাপন করে হোটেল বিচ ডোরে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে হৃদয় মোল্লা পর্যটকদের মোবাইল ফোন, ডিএসএলআর ক্যামেরা ও নগদ ৩২ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে তারা হৃদয় মোল্লাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ট্যুরিস্ট পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হৃদয় মোল্লাকে গ্রেফতার করে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।
এ বিষয় ভুক্তভোগী পর্যটকরা বলেন, ‘আমরা সৈকতে বসা ছিলাম। তখন হঠাৎ করে এসেই আমাদের সঙ্গে গল্প করতে শুরু করে হৃদয় মোল্লা। কুয়াকাটার স্থানীয় বলায় আমরাও তার সঙ্গে দর্শনীয় স্থান ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আলাপ করি। সে আমাদের সঙ্গে খুব ভালো আচরণ করায় আমরা তাকে রাতের খাবারের নিমন্ত্রণ করি। পরে আমাদের সঙ্গে হোটেলে যায় এবং খাবার খেয়ে রাতে আমরা ঘুমিয়ে পড়লে আমাদের ক্যামেরা, মোবাইল এবং টাকা নিয়ে সে পালিয়ে যায়।’
কুয়াকাটা হোটেল বিচ ডোরের ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার বরিশাল থেকে আসা চার জন পর্যটক আমাদের হোটেলের ২০৪ নম্বর কক্ষটি ভাড়া নেয়। রাতে তাদের সঙ্গে হোটেলে স্থানীয় একটি ছেলে আসে। সকালবেলা শুনি তাদের মালামাল নিয়ে ওই ছেলে পালিয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি অবহিত করি।’
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন, ‘কুয়াকাটা বিচ ডোর হোটেল থেকে পর্যটকদের মালামাল চুরি হয়েছে এ সংক্রান্ত একটি অভিযোগ আসলে আমরা ঘটনার তদন্তে নামি। বিভিন্ন কৌশলে এবং একাধিক সোর্সের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার ভোররাতে হৃদয় মোল্লাকে গ্রেফতার করি। চুরি যাওয়া মালামাল তার বাসা থেকে উদ্ধার হলেও নগদ কোনও টাকা পাওয়া যায়নি। এ ঘটনায় মহিপুর থানায় একটি চুরির মামলা করা হয়েছে । গ্রেফতার হৃদয় মোল্লাকে শনিবার (৭ অক্টোবর) কলাপাড়া আদালতে পাঠানো হয়েছে।’








