বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাসিয়া এলাকায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কোনও যাত্রী হতাহত না হলেও বাসের চালক ও হেলপার আহত হয়েছেন।
বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। আগুনে বাসটি পুরোপুরি পুড়ে গেছে।
বাসে থাকা যাত্রীরা জানান, রাত ৮টার দিকে তালতলী কাউন্টার থেকে বাসটি ঢাকাগামী যাত্রী নিয়ে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারের কাছাকাছি পৌঁছায়। এ সময় ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত রাস্তার ওপরে গাছ ফেলে অবরোধ করে। তাৎক্ষণিক পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বাসের যাত্রীরা তাড়াহুড়ো করে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের চালক ও হেলপার আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাকুরা পরিবহনের তালতলী কাউন্টার ম্যানেজার মাহবুব বলেন, যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বাসটি। পথে এরকম ঘটনা ঘটবে, আমরা কেউ বুঝতে পারিনি। আগুনে বাসের ওপরের অংশ পুড়ে পুরোপুরি পুড়ে গেছে। এতে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শাহাদৎ হোসেন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসের কোনও যাত্রী হতাহত না হলেও চালক-হেলফার আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।









