পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নৌকা প্রতীক গ্রহণ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস ও আওয়ামী লীগ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতীক গ্রহণ করেন।
প্রতীক নেওয়ার পর আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের বলেন, আমি ৩৮ বছর ধরে মাঠে আছি। নির্বাচনে আমার কোনও প্রস্তুতি লাগে না।
তিনি প্রতিপক্ষকে উদ্দেশ করে বলেন, মোর বাড়ি বরিশাল, নির্বাচনে আমাদের কোনও হুমকি নাই। আমরা ছাত্র রাজনীতি করে আসছি। আমরা পাকিস্তানের বিরুদ্ধে ফাইট করে আসছি। ওই সবের পাইনও মারি না।
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা শহরে। তিনি পিরোজপুর-২ আসন থেকে নৌকা প্রতীক নির্বাচন করবেন। এই আসনে একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি একবার ঝালকাঠি-১ আসনেরও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি একাধিকবার মন্ত্রী এবং উপদেষ্টা হয়েছিলেন।
প্রতীক গ্রহণের আগে আনোয়ার হোসেন মঞ্জু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ আসনে অন্য প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ (ঈগল), বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত মিজানুর রহমান ওরফে সৈয়দ মনির (একতারা), ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত আবুল বাশার (আম), গণফ্রন্ট মনোনীত মোহাম্মদ মাহতাব উদ্দিন মাহমুদ (মাছ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত ছগির মিয়া (ডাব) ও বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত জাকির হোসাইন (ফুলের মালা)।








