জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেছেন, ‘আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতা স্থায়ী করতে ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আব্দুল্লাহিল আমান আযমীসহ শত শত মানুষকে আয়নাঘরে বন্দি রেখেছে। এখনও বন্দি যদি থেকে থাকে, আয়নাঘর থেকে তাদেরকে মুক্ত করাতে অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নিতে হবে। যারা ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। যারা নিষ্ঠুরতা করেছে, তাদের ক্ষমা পাওয়ার কোনও সুযোগ নাই।’
তিনি বলেন, ‘অন্তবর্তী সরকারকে বলবো, দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয় সেই ভূমিকা রাখুন। যে ধরনের সংস্কার দরকার, সেই সংস্কারের উদ্যোগ আপনারা নিন। বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী যেন একটি সরকার গঠন হতে পারে তার উদ্যোগ আপনারা নিন।’
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, আর্থিক অনুদান প্রদান ও দোয়া অনুষ্ঠানে তিনি এ বলেন তিনি।
জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলা আমির অধ্যাপক মুহম্মদ শাহ্আলম-এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা এ কে এম ফকরুদদ্দীন খান রাযী, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ জেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।









