পটুয়াখালীর মহিপুরের আশাখালী মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলারে বরফ তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত চার জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশাখালী মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন ‘মাটির পরশ আইস পাম্প’ নামের একটি বরফ মিল থেকে সিরিয়াল অনুযায়ী বরফ তুলছিলেন জেলেরা। এ সময় সিরিয়াল অনুযায়ী মিনারুল বিশ্বাস নামের মৎস্য ব্যবসায়ীর ট্রলারে আগে বরফ তোলার কথা ছিল। তবে সিরিয়াল ভেঙে ফারুক ভূঁইয়া ট্রলারে বরফ তোলার চেষ্টা করেন জেলেরা।
এ ঘটনা নিয়ে উভয় পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ব্যবসায়ী মিনারুল বিশ্বাসের ট্রলারের ১৬ জেলে আহত হন।
মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।









