পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর-রাজপাড়া ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে অপহরণ ও মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর ছেলের বিরুদ্ধে।
মঠবাড়িয়ার ৭নং বেতমোড়-রাজপাড়া ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফেরদৌস রুম্মান অভিযোগ করে বলেন,আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী ও বেতমোর-রাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন আকনের ছেলে বাচ্চু আকন শনিবার দুপুর ১২টার দিকে আমার কর্মী জিয়াকে (২৬) তার জানখালী এলাকার বাড়ি থেকে অপহরণ করে বেতমোড় বাজারে তাদের নির্বাচনী কার্যালয়ে নিয়ে আটকে রেখে মারধর করে। আমরা দুপুর ২টায় জিয়াকে উদ্ধার করে মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
এ ব্যাপারে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন আকন বলেন, আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমার নির্বাচনি কার্যালয়ে গিয়ে দেখি জিয়া কার্যালয়ের সামনে বসা। তখন আমি জিয়াকে চা-বিস্কুট খাইয়ে আমার মোটরসাইকেলে করে আলামিন ও জিয়ার চাচাতো ভাই কাইউমকে দিয়ে জিয়াকে বাড়ি পাঠিয়ে দেই। পথে বিএনপি প্রার্থী এস এম ফেরদৌস রুম্মান তার বাড়ির কাছে জিয়াকে থামায়। পরে রম্মানের উপস্থিতিতে তার ভাই খালিদ ও ছোবাহান মিলে আলামিন এবং জিয়ার চাচাতো ভাই কাইউমকে মারধর করে।
আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, জিয়ার ভাই কাইউম আমার পক্ষে কাজ করছে এ কারণে রুম্মানের ভাইরা কাইউমকে মারধর করেছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, কোনও পক্ষই লিখিত অভিযোগ করেনি। মৌখিকভাবে শোনার পর দু’পক্ষকেই বিষয়টি ফয়সালা করার পরামর্শ দেওয়া হয়েছে।
/জেবি/








