পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গোলযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১২শ’ থেকে ১৩শ’ জনের নামে বুধবার রাতে মামলা করেছে পুলিশ। মঠবাড়িয়া উপজেলার ২ নং ধানীসাফা ইউনিয়নের সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার সময় সরকারি কাজে বাধাদানসহ গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা করা হয়েছে। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান,এ মামলার বাদী হয়েছেন উপ-পরিদর্শক সানোয়ার হোসেন খান। তিনি বান্দরবান থানায় কর্মরত। নির্বাচনকালে তিনি সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে দায়িত্বরত ছিলেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মঙ্গলবার সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণাকালে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী জিয়াউল বাসেতকে অবরুদ্ধ করে রাখে। এসময় বিজিবির সদস্যরা ২৯ রাউন্ড গুলি ছুঁড়ে এতে ঘটনাস্থলেই তিনজন ও বরিশালে চিকিৎসার জন্য নেওয়ার পথে দুই জন মারা যান।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ জানান, মঙ্গলবার ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার সময় হতাহতের ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বুধবার পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটির প্রধান করা হয়েছে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মানিক হার রহমানকে আর অপরটির প্রধান করা হয়েছে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশ্রাফকে। ৭ দিনের মধ্যে কমিটি দুটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
/জেবি/








