ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে অবস্থান নেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতাকর্মী মহাসড়কের চৌরাস্তা এলাকায় অবস্থান নেন। সড়কে টায়ার জ্বালিয়ে আধাঘণ্টা অবরোধ রাখেন বিক্ষোভকারীরা। এ সময় জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি নুরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন। এ সময় সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকে।
জেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব শাহআলম সিকদার বলেন, নুরের ওপরে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধে করতে হবে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, তারা মহাসড়ক অবরোধ করেন। তবে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।









