ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘বিভিন্ন দলের নেতারা সরকার গঠন করলে সোনার বাংলা, সবুজ বাংলা ও ডিজিটাল বাংলা গড়ার প্রতিশ্রুতি দেয়, আমি অত প্রতিশ্রুতি দেবো না, আল্লাহ যদি কামিয়াব করে আমি ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাবো।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরগুনার আমতলী পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, ‘দুর্নীতি যখন থাকবে না, তখন সব মানুষের মুখে হাসি ফুটবে। হিন্দু ভাইদের বলবো, চরমোনাই হিন্দুদের কাছে খোঁজ নিয়ে দেখেন, মায়ের কোল যেমন নিরাপদ, তারাও তেমনি চরমোনাইতে নিরাপদ। আশা করি আপনারাও নিরাপদে থাকবেন। ৫ আগস্টের পরে একটি দল সারা দেশে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী করেছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নেতাকর্মীরা সংখ্যালঘুদের জান-মাল হেফাজত এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করেছেন।’
অন্য দলের প্রার্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন নেতাকর্মীরা সভ্য- কিন্তু আমাদের টালানো, বিরক্ত করবেন না। যদি করেন, তবে এমনভাবে গর্জন শুরু হবে, তা আর প্রতিহত করতে পারবেন না।’
বরগুনা-১ আসনকে মডেল বরগুনায় উন্নীত করার ঘোষণা দিয়ে এ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ দল বাংলাদেশে আর কোনও আসনে জয়লাভ না করলেও বরগুনা-১ আসনের প্রার্থী জয়লাভ করবেন ইনশাআল্লাহ।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আসমত আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, বরগুনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমী, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ, মুফতি হাবিবুর রহমান, আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, যুগ্ম সম্পাদক রবিউল আলম, সহকারী সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন, বরগুনা জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম ও আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী বায়েজিদ প্রমুখ।









