‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় ক্ষুব্ধ চিকিৎসক, চিকিৎসা না দেওয়ার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৪

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসককে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করায় রোগীর স্বজনের সঙ্গে বাকবিতণ্ডা এবং চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রোগীর স্বজন চিকিৎসককে উদ্দেশ করে বলছেন, "প্রথমে ঢুকেই আপনাকে সালাম দিলাম, এরপর ভাই বললাম। আপনি কোন গেজেটেড অফিসার যে আপনাকে ভাই বলা যাবে না?" জবাবে চিকিৎসক বলেন, "আপনি চলে যান, আপনার সঙ্গে কোনো কথা বলব না।"

জানা গেছে, রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার বাসিন্দা তানভীর হাসান তার দুই বছর বয়সী ছেলে রুজায়াইনকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান। পরিবারের দাবি, শিশুটিকে একটি বিড়াল আঁচড় দেওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল।

তানভীর হাসানের অভিযোগ, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলামকে সালাম দিয়ে 'ভাই' সম্বোধন করে শিশুর বিষয়ে জানান তিনি। চিকিৎসক জানান, হাসপাতালে বিড়ালের আঁচড় বা কামড়ের প্রয়োজনীয় টিকা নেই এবং বিকেলে আসতে বলেন। পরে যোগাযোগের সুবিধার্থে চিকিৎসকের মোবাইল নম্বর চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, "আপনি একজন বিসিএস ক্যাডারকে 'ভাই' বলে ডাকেন, আবার তার ফোন নম্বর চান?" এরপর বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের চিকিৎসা না দিয়ে চলে যেতে বলেন বলে অভিযোগ করেন তানভীর।

তানভীর হাসান বলেন, "আমি অসুস্থ শিশুকে নিয়ে চিকিৎসার আশায় হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসককে সম্মান জানিয়েই কথা বলেছি। কিন্তু 'ভাই' বলায় তিনি বিরক্ত হন। পরে নম্বর চাইতেই তর্কে জড়িয়ে পড়েন এবং চিকিৎসা না দিয়ে চলে যেতে বলেন।"

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডা. মো. আরিফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

তবে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ বলেন, "ডা. আরিফুল ইসলাম দায়িত্বশীল ও কর্মঠ একজন চিকিৎসক। ঘটনাটি মূলত ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। রোগী যোগাযোগের জন্য নম্বর চাইলে হাসপাতালের অফিসিয়াল নম্বর দেওয়া যেতে পারত। ভিডিওতেও 'ভাই' বলে সম্বোধন করতে নিষেধ করার বিষয়টি স্পষ্টভাবে শোনা যায় না। আমার মতে, উভয় পক্ষের ভুল বোঝাবুঝির কারণেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।"

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সরকারি হাসপাতালে রোগীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা