বালুভর্তি বস্তায় বোমা ঢুকলো কীভাবে, জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ-র‌্যাব

বরিশাল প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৬, ২১:৪০ আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২১:৪০

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ ‌‘বোমা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মা-মেয়েসহ তিন জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে বালুভর্তি বস্তায় বোমা ঢুকেছে কীভাবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় লোকজন। বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বলছেন, বালুভর্তি বস্তায় কীভাবে ‘বোমা’ ঢুকেছে, তার তদন্ত চলছে।

পুলিশ বলছে, বোমা বা বিস্ফোরক বস্তুটি মূলত নির্মাণকাজের জন্য ঘরের পাশে স্তূপ করে রাখা বালুর ভেতর আগে থেকেই লুকানো কিংবা পরিত্যক্ত অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে আশপাশের কেউ সেখানে বিস্ফোরক বস্তুটি রেখেছেন।

এ ঘটনায় দগ্ধরা হলেন- শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম (৫০), মেয়ে ইতি আক্তার (২০) ও নাতি ফাহিম হাওলাদার (১৪)। তাদের বিকালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থা গুরুতর হওয়ায় সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যা জানালেন প্রতিবেশীরা

প্রতিবেশীরা জানিয়েছেন, সকাল ৭টার দিকে শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও আতঙ্ক কাটেনি। হয়তো কেউ শত্রুতা করে বালুর বস্তার ভেতরে ওই বোমা রেখে গেছে।

স্থানীয় লোকজন বলছেন, শাহ আলম হাওলাদারের ঘরের এক কোণে নির্মাণকাজের জন্য বালুভর্তি কিছু বস্তা রাখা ছিল। সকালে স্ত্রী হনুফা বেগম তার নাতি ফাহিমকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। সঙ্গে মেয়ে ইতি আক্তারও ছিলেন। ঠিক তখনই বালুর বস্তার ভেতর থাকা বস্তুটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তিন জনের শরীরে। আগুন থেকে বাঁচতে দগ্ধ অবস্থায় তারা বাড়ির পাশ দিয়ে বয়ে চলা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরবর্তী সময়ে স্থানীয় লোকজন নদী থেকে তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বালুভর্তি বস্তায় বোমা ঢুকেছে কীভাবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় লোকজন

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পঞ্চম তলার পুরুষ সার্জারি ওয়ার্ডের নার্স লিংকন দত্ত বলেন, ‘প্রথমে ওই তিন জন এই ওয়ার্ডে আসার পর দুই নারীকে চারতলার মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।’ তবে কে কত শতাংশ দগ্ধ হয়েছেন, সেটা তাৎক্ষণিক তিনি বলতে পারেননি। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের হাত, পা ও মুখের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে গেছে।

বালুর বস্তায় বোমা আসলো কীভাবে

শাহ আলমের ছেলে জামাল হোসেন বলেন, ‘সকালে আমাদের ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আমার মা, বোন ও ভাগনের শরীরে আগুন ধরে যায়। তারা পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। প্রথমে তাদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘বালুর বস্তার ভেতরে এই বোমা কোথা থেকে আসলো, এ বিষয়ে আমরা কিছুই জানি না। কেউ গোপনে এই বোমা রেখে গিয়েছিল কিনা, তা তদন্ত করলে বেরিয়ে আসবে। কে বা কারা কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, সে বিষয়ে আমাদের পরিবারের কারও কোনও ধারণা নেই।’

পুলিশ বলছে তদন্তের পর জানা যাবে

বিস্ফোরণের খবর পেয়ে র‍্যাব, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা বিস্ফোরণের জায়গাটি ঘিরে রেখেছেন। বিষয়টি নিয়ে তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছেন। বিস্ফোরকটি বোমা ছিল কিনা, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বাকেগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন।

বিস্ফোরণের জায়গাটি ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশ

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ওই বোমায় কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এবং দায়ীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত আছে।’

বাকেরগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিত্যক্ত ককটেল কিংবা হাতবোমা ছিল, যা নির্মাণকাজের জন্য আনা বালুর বস্তার ভেতরে কোনোভাবে রয়ে গিয়েছিল বা লুকিয়ে রাখা হয়েছিল। ঘটনার পরপরই বাকেরগঞ্জ থানা পুলিশ, ডিবি এবং র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে। সেইসঙ্গে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে।

বরিশালের পুলিশ সুপার এ জেড এম মুস্তাফিজুর রহমান বলেন, ‘এটি কোন ধরনের বিস্ফোরক, আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। সেখানে আরও কয়েকটি বালুর বস্তা আছে। তাতে আরও বিস্ফোরক আছে কিনা, তাও বলতে পারছি না। ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছ। তারা ঘটনাস্থলে এসে তদন্ত করবে। পুলিশ সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই স্থানীয়দের।’

তিনি বলেন, ‘বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনের জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে বিস্ফোরকটির প্রকৃতি কী ছিল। ঘটনার পেছনে কোনও নাশকতা কিংবা পারিবারিক শত্রুতার সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব