এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৬, ২১:২০আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ২১:২০

সরকারি চাকরি বিধি লঙ্ঘন করায় পটুয়াখালীর ছয় জন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বরিশাল বিভাগীয় প্রশাসন। বিভিন্ন সালের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার প্রদত্ত নম্বর অনুমোদন ছাড়াই পরিবর্তন করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (১৯ আগস্ট) সকালে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থার আদেশ দেওয়া হয়। বিকালে পটুয়াখালীর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। শাস্তি হিসেবে ২০২৮ সালের জুন পর্যন্ত তাদের বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ রাখতে বলা হয়েছে। ওই সময়ের মধ্যে পদোন্নতির জন্যও তাদের বিবেচনা করা হবে না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র জানায়, পটুয়াখালীর আমখোলা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা তানিয়া আক্তার ঝুমা, সদর উপজেলার ধুলিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (সংযুক্তি পৌর ভূমি অফিস) মো. মাহাতাব, বাউফলের ধুলিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আল কাউছার, গলাচিপা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এ.এস.এম. মুরাদুল ইসলাম, রাঙ্গাবালী উপজেলার চালিতা বুনিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আবু আসকর, দশমিনার রণহগাপালদী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বিভিন্ন সালের বার্ষিক গোপনীয় প্রতিবেদন পরিবর্তন করেছেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি নিয়ে বিভাগীয় মামলা হলে অভিযুক্ত কর্মকর্তাদের কারণ দর্শানোর সুযোগ, লিখিত জবাব, ব্যক্তিগত বক্তব্য এবং তথ্য-প্রতিবেদনসহ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় উল্লেখিত ছয় কর্মকর্তার ২০২৮ সালের জুন পর্যন্ত বেতন বৃদ্ধি স্থগিত করা হয়।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ)বিধি লঙ্ঘন করায় বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বিধি অনুযায়ী প্রত্যেকে ২০২৮ সালের জুন পর্যন্ত ছয় কর্মকর্তার বেতন বৃদ্ধি স্থগিত করেন। শাস্তির মেয়াদকালে তারা কোনও পদোন্নতির জন্য বিবেচিত হবেন না বলে উল্লেখ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্ভিস বইয়ে শাস্তির আদেশ লিখে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নথির যথার্থতা, দায়িত্ব পালনে শৃঙ্খলা এবং বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে বিভাগীয় মামলার নিষ্পত্তির মাধ্যমে ওই ছয় কর্মকর্তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।

চিঠিতে বিভাগীয় প্রশাসন জানিয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ ধরনের কাজ ‘অসদাচরণ’-এর মধ্যে পড়ে। সেই বিধিমালার ৪(২)(খ) ধারায় তাদের বেতন বৃদ্ধি স্থগিতের শাস্তি দেওয়া হয়েছে। শাস্তির আদেশ তাদের সার্ভিস বহিতেও নথিভুক্ত করা হবে। সরকারি নথি প্রশাসনের কাছে নিছক কাগজ নয়। তার ওপর নির্ভর করে প্রশাসনিক সিদ্ধান্ত, নাগরিকের অধিকার এবং সরকারি কাজের স্বচ্ছতা। তাই নথিতে অননুমোদিত পরিবর্তন বা তথ্য বিকৃতির মতো অভিযোগ প্রমাণিত হলে ভবিষ্যতেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, ‌‘সরকারি নথি ও তথ্যের নির্ভুলতা প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতার অন্যতম ভিত্তি। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(২)(খ) অনুসারে পটুয়াখালীর ছয় জন ভূমি অফিসের কর্মকর্তার ২০২৮ সালের জুন পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার দণ্ড দেওয়া হয়েছে। সরকারি দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা, জবাবদিহিতা এবং সরকারি নথিপত্রের যথার্থতা নিশ্চিত করতে বিভাগীয় প্রশাসন কঠোর অবস্থানে আছে।’

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে কোনও অনিয়মের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান আছে। শৃঙ্খলভঙ্গকারীদের বিরুদ্ধে বিভাগীয় কমিশনার শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। আদেশ মোতাবেক তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন