আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে জুলাইয়ের ঘটনাবলি স্বীকার করে ক্ষমা চাইতে হবে এবং সংশ্লিষ্টদের বিচারের বিষয়টি মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে জনগণ কতটা গ্রহণ করবে, তা নির্ভর করবে সময় ও জনগণের সিদ্ধান্তের ওপর।
তথ্যমন্ত্রী বলেন, জুলাইকে অস্বীকার করে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করার সুযোগ নেই। দলটিকে অতীতের ঘটনাবলির দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের বিষয়টিও সামনে আসতে হবে।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে পার্থ বলেন, প্রায় আড়াই বছর আগে দলটির নেতারা দেশ ছেড়ে চলে গেছেন। এরপর থেকে দলটির নিয়মিত রাজনৈতিক কার্যক্রম নেই বললেই চলে। যদিও অল্প কয়েকজনকে মিছিল করতে দেখা যায়। তার মতে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে এ বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে তার মতে, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার সময় এখনও আসেনি। ২০২৪ সালের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনাগুলো বাংলাদেশের মানুষ এখনও ভুলে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের গণতন্ত্রবিষয়ক বক্তব্যের সমালোচনা করে পার্থ বলেন, দলটি একসময় দেশে জঙ্গিবাদের বিস্তার নিয়ে কথা বলত, আর এখন গণতন্ত্র নেই বলে অভিযোগ করছে। অথচ তার দাবি, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
ধর্মীয় উৎসবের পরিবেশ নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ আগে দাবি করত, বিএনপি ক্ষমতায় এলে দেশে পূজা উদ্যাপন করা যাবে না। কিন্তু এবার বাংলাদেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।