কুমিল্লার তিতাসে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজনের দু’হাতের কবজি বিচ্ছিন্ন ও অপর একজনের ডান চোখ জখম হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়। বুধবার রাত ১টার দিকে উপজেলার কলাকান্দি ইউনিয়নের কাউরিয়ারচর গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আহত দুই ব্যক্তি হলেন সিদ্দিকুর রহমানের(২০) ও ইউনুস মিয়া(১৭)। আটক দুই ব্যক্তি হলেন সখিনা বেগম(৪০) ও মো. ডালিমকে(২৫)।
বৃহস্পতিবার বিকালে তিতাস থানার ওসি মনিরুল ইসলাম জানান, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিমের পক্ষের লোকজন বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে ২ জন আহত হন। এ ঘটনায় থানার এসআই কমল বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার কাউরিয়ারচর গ্রামে বোমা তৈরির সময় বুধবার রাত ১টায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কাউরিয়ারচর গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে সিদ্দিকুর রহমানের দু’ হাতের কবজি দেহ থেকে বিচ্ছিন্ন এবং একই গ্রামের আলী আকবরের ছেলে ইউনুস মিয়ার ডান চোখ ক্ষতবিক্ষত হয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একই গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী সখিনা বেগম এবং একই গ্রামের আলী আকবরের ছেলে মো. ডালিমকে আটক করেছে।
জাপা-আ. লীগ সংঘর্ষ
এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় তিতাস উপজেলার শাহপুর গ্রামের জাতীয় পার্টির সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়। এসময় প্রায় ২০জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: যশোরে বাঘারপাড়ায় দলীয় প্রার্থীর চেয়ে স্বতন্ত্র বেশি
/এইচকে/







