
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হারুনুর রশিদ (৩২) নামের এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার লামচর ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া একথা জানান।
বন্দুকযুদ্ধের ঘটনায় ওসমান চাকমা ও নেছার নামের পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি এলজি, ৬ রাউন্ড গুলি, ৫টি রাম দা উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ হারুন একই এলকার শরব আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।
ওসি তোতা মিয়া বলেন, কাশিনগর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে একদল ডাকাত অবস্থান করছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশের ওই এলাকায় অভিযান চালালে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড গুলি করলে চালালে ডাকাতরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হারুনকে গ্রেফতার করে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আহত দুই পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
/এসটি/






