অভিভাবক ও তাদের সন্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ি জেলার সব মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে সন্ত্রাসবিরোধী বিশেষ খুতবা পাঠ করা হয়েছে।
খাগড়াছড়ি কোর্ট জামে মসজিদের খতিব মো. জাহাংগীর আলম বলেন, মুসলিম বিশ্বের যুবকদেরকে তথাকথিত জিহাদের নামে কুপথে ব্যবহার করা হচ্ছে। তাদেরকে আত্মঘাতী হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করছে একটি গোষ্ঠি । বিবেকবর্জিত সংঘবদ্ধ এই দলটি সন্ত্রাসী এবং তারা জিহাদের নামে যুব সমাজকে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে। এই জন্য সকল অভিভাবক ও তাদের সন্তানদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আবুল আমিন বলেন, ‘জেলার সকল মসজিদে জুমার নামাজের আগে বিশেষ সন্ত্রাসবিরোধী খুতবা পাঠের জন্য মসজিদ কমিটিগুলোকে অনুরোধ করা হয়েছে।
‘ইসলাম শান্তির ধর্ম, সন্ত্রাসের নয়’ উল্লেখ করে তিনি সকলকে দায়িত্বশীল ভুমিকা পালনের আহ্বান জানান।
জেলা পুলিশ সুপার মো. আবদুল মজিদ বলেন, জেলার সকল মসজিদে পর্যবেক্ষণ করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনস্বার্থে এই ব্যবস্থা বলবৎ রাখা হবে।
যে কোনও অপরিচিত ও সন্দেহজনক ব্যক্তিকে দেখা গেলে সংশ্লিষ্ট থানায় জানানোর অনুরোধ জানান তিনি।
/এইচকে/
আরও পড়ুন: সাতক্ষীরায় জুমার নামাজে ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো খুতবা পাঠ








