ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে জঙ্গি হামলায় জড়িত সন্দেহে মো. মিঠু নামের এক যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার ঢাকা থেকে আসা ডিএমপি ও ডিবি পুলিশের একটি দল কুমিল্লার মুরাদনগর থেকে মিঠুকে আটক করে। আটক যুবক মিঠু বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস দুলুর পরিবারের গাড়িচালক বলে জানিয়েছে পুলিশ।
আটকের পর পরিবারের সদস্যদের উপস্থিতিতে মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য মুরাদনগর থানায় নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রাত সাড়ে ৭টার দিকে তাকে ঢাকায় নিয়ে যায় পুলিশ। মুরাদনগর থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে মুরাদনগর উপজেলার শরমান্দা গ্রাম থেকে মিঠুকে আটক করা হয়। সে ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। দিনভর তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদের শেষে সন্ধ্যায় পরিবারের সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাঝিসহ অন্যদের উপস্থিতিতে ঢাকা গোয়েন্দা পুলিশের ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঢাকায় নিয়ে যায়।
পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে হামলার আগে আটককৃত যুবক মিঠু একটি সাদা প্রাইভেটকার নিয়ে গুলশান এলাকায় ঘোরাফেরা করছিল। সে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দছ তালুকদার দুলুর পরিবারের গাড়িচালক।
মুরাদনগর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, স্থানীয় চেয়ারম্যানসহ মিঠুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে থানা থেকে পুলিশ তাকে ঢাকায় নিয়ে যায়। তাকে দিনভর মুরাদনগর থানায় রেখে জিজ্ঞাসাবাদের বিষয়টিও স্বীকার করেন ওসি।
- হয়ত অন্য কোথাও চাকরি পাবো কিন্তু এমন প্রতিষ্ঠান পাবো না
- অবশেষে নিখোঁজ তালিকা সংশোধন করলো র্যাব, এখন সংখ্যা ৬৮
/এমও/







