ফেনীর আলোচিত উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় ফেনী সদরের গোডাউন কোয়ার্টার এলাকার নুর করিম জাবেদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো। আগামী ৯ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ঘোষণা করেন আদালত।
বুধবার দুপুরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন।
এর আগে কড়া পাহারায় এই মামলার ৪১ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এই সময় আদালতে জামিনে থাকা ৫ আসামিও হাজির ছিলেন।
সরকারী কৌসুলী (পিপি)অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ বলেন, সাক্ষ্য দেওয়ার সময় জাবেদ আদালতকে জানায়- তিনিও অন্য অনেকের মতো একরাম হত্যাকাণ্ডের খবর লোকমুখে শুনেছেন। ঘটনার ২ মাস পর পুলিশ তার কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর গ্রহণ করে। এসময় তাকে জেরা করেন অ্যাডভোকেট মেজবাহউদ্দিন খাঁন, কামরুল হাসান, আহসান কবীর বেঙ্গল ও আব্দুল মান্নান।
সূত্র জানায়, এই মামলার ৫৬ আসামির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৪৬ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ৩৫ জন ফেনী কারাগারে, ৫ জন কুমিল্লা কারাগারে ও ৬ জন জামিনে রয়েছেন।
প্রসঙ্গত, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামকে ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমার সামনে প্রকাশ্যে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।
/এআর/








