তত্ত্বাবধায়ক সরকার মারা গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন,‘২০১৯ সালেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন হবে জননেত্রী শেখ হাসিনার অধীনে। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন না হলে আমরা দেশে থাকতে পারতাম না। দেশ অনিশ্চিত যাত্রায় পড়তো।নির্বাচন দিয়ে দেশকে ঝুঁকিমুক্ত করেছেন শেখ হাসিনা।’
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ময়দানে আয়োজিত জেলা আওয়ামী লীগের ‘গণ সংবর্ধনা’ সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন,‘বিএনপি দেশের কল্যাণ চায় না। এ কারণে শেখ হাসিনার ডাকে সাড়া দেননি খালেদা জিয়া। তিনি নির্বাচনে অংশ গ্রহণ না করে উল্টো অবস্থান নিয়ে ছিলেন। সারাদেশে ডাক দিলেন হরতাল-অবরোধের। পুড়িয়ে মারলের হাজার হাজার মানুষ। এ কারণে মানুষ বিএনপি-জামাত জোটকে প্রত্যাখ্যান করেছে।’
এসময় মন্ত্রী পর্যটন নগরীর সরকারি হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরনেরপাশাপাশি আর্ন্তজাতিক মানের হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন।
সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সালাহউদ্দিন আহমদ সিআইপি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত দাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ প্রমুখ।
/এমডিপি/








