বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রত্নময় তঞ্চঙ্গ্যা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর আলী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান,জেলার রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা অনুষ্ঠিত হয়। মেলা থেকে অন্য এক মেয়ের সাথে ফেরার পথে শনিবার ভোর সাড়ে ৩টা দিকে ব্যাংকছড়ি যাওয়া পথে এই স্কুল ছাত্রীর ওপর এ পাশবিকতা চালানো হয়। ছাত্রীটির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
ছাত্রীটিকে উদ্ধারকারী স্থানীয় ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা বাংলা ট্রিবিউনকে জানান, মধ্যরাতে চিৎকার শুনতে পেয়ে বাড়ি থেকে বের হলে ছাত্রীটিকে দেখতে পেয়ে আমরা উদ্ধার করি।
ওসি মো. ওমর আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার পর ছাত্রীটি রোয়াংছড়ি থানাতে লিখিত অভিযোগ দায়ের করলে রত্নময় তঞ্চঙ্গ্যাকে আটক করে পুলিশ, অন্য আসামী অংসাচিং মারমাকেও আটকের চেষ্টা চলছে।
আলিক্ষ্যং ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার যুদ্ধ সেন তঞ্চঙ্গ্যা বলেন, যৌন নির্যাতনের শিকার ওই ছাত্রী সমাপনী পরীক্ষা শেষে আত্মীয়দের বাড়িতে ছিল এবং রাতে রোয়াংছড়িতে মেলা দেখতে গিয়ে নির্যাতনের শিকার হয়।
/এইচকে/








