ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি কৈবর্তপাড়ার গৌরাঙ্গ দাসের বাড়িতে নলকূপ থেকে গ্যাস নিঃসৃত হচ্ছে। বুধবার দুপুর থেকে গ্যাসের এই নিঃসরণ শুরু হয় বলে জানা যায়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নলকূপে জ্বলতে থাকা আগুন দেখতে গৌরাঙ্গ দাসের বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয় উৎসুক জনতা।
বাড়ির মালিক গৌরাঙ্গ দাস বাংলা ট্রিবিউনকে জানান, গতকাল টিউবওয়েলটি বাড়িতে বসানোর পর থেকে এক ধরনের গন্ধ বের হচ্ছিল। সকাল থেকে এই টিউবওয়েল এর মুখ দিয়ে ৩/৪ ফুট পর্যন্ত ওপর দিকে পানি উঠছিল। পরে এলাকার এক ব্যক্তি আজ দুপুরে কৌতুহল বসত একটি ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালালে দাউ দাউ করে আগুন ধরে যায়। পানি ঢেলেও তা নেবানো যাচ্ছে না। এ ঘটনায় বাড়ীর মালিক আতঙ্কগ্রস্থ হলেও গ্যাস পাওয়ায় এলাকাজুড়ে আনন্দ বিরাজ করছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বপন বাংলা ট্রিবিউনকে জানান, লোকজনের মাধ্যমে নলকূপের মুখ দিয়ে গ্যাস ওঠার খবর পেয়েছন। এবিষয়ে তিনি খোঁজ খবর রাখছেন। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, মাটির নিচে পর্যাপ্ত পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। ব্যাপারটিকে পরীক্ষা নিরীক্ষার আওতায় আনা দরকার বলে তিনি মনে করেন।
/এইচকে/






