লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক আবদুল মান্নান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী এ রায় দেন।
এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, আলাউদ্দিন, আবদুল আজিজ, রিয়াজ হোসেন, ফয়সাল ও নূর আলম। এদের মধ্যে আলাউদ্দিন ও নূরে আলম পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ ডিসেম্বর রায়পুরের চরপাতা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আলাউদ্দিন ও আবদুল আজিজের নেতৃত্বে কৃষক আবদুল মান্নানের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে এলোপাতারি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে তারা। প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিনই নিহতের ছেলে মো. রাজু বাদী হয়ে আলাউদ্দিনকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে রায়পুর থানায় মামলা করেন।
পরে পুলিশ ২০১৩ সালের জুন মাসে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌশুলি লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
/বিটি/







