ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিতাকুণ্ডু উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নয়ন (২৫), রাকিব (২২) ও জাবেদ (২২)। তারা সবাই সিতাকুণ্ডু উপজেলার একটি কারখানায় কাজ করতেন।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সালেহ আহমেদ পাঠানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিতাকুণ্ডু উপজেলার পুলিশ স্টেশনের সামনে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। বাকি একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
/এআর/








