চট্টগ্রামে ক্রিকেট খেলতে গিয়ে বন্ধুদের ছোড়া স্ট্যাম্পের আঘাতে ফয়সাল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে নগরীর সদরঘাট এলাকার কলেজিয়েট স্কুলের মাঠে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল সদরঘাট থানার মরিচ্চা পাড়া এলাকার বাসিন্দা মো. শাহজাহানের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনা জাহাঙ্গীর আলাম বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার বিকাল ৬টার দিকে ক্রিকেট খেলা নিয়ে ফয়সাল ও তার বন্ধুদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে বন্ধুরা স্ট্যাম্প দিয়ে তাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ফয়সালকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জনান, পুলিশ তাদের হেফাজতে নিহতের দুই বন্ধুকে এ হত্যাকাণ্ডের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে।
চট্টগ্রাম পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ঘাড়ে স্ট্যাম্পের আঘাত লাগার কারণে ফয়সালের মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
/এআর/








