আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরাই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবে।’ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সুধি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্যই শিক্ষা নয়, শিক্ষার্থী হতে হবে জ্ঞান আহরণের জন্য। জীবনের জন্য শিক্ষা অর্জন কর, জীবিকার জন্য নয়।’
এ সময় সেতুমন্ত্রী ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ বিষয়ে জোরালো দাবি জানানোরও অনুরোধ করেন তিনি।
চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মো. আইউব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপিসহ আরও অনেকে।
/এআর/








