সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালে দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত জঙ্গি আশরাফুল আলম নাজিমকে শনাক্ত করতে সিলেটের পথে রওনা দিয়েছেন তার মা মনোয়ারা বেগম। সোমবার (৩ এপ্রিল) রাতে পুলিশের একটি দলের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোতাহেরসহ তিনি সিলেটের উদ্দেশে রওনা হন।
সোনাইমুড়ী থানার ওসি ইসমাইল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘অপারেশন টোয়াইলাইট’ এ হামলাকারী নিহত জঙ্গির মধ্যে আশরাফুলকে শনাক্তের জন্য রাতেই তার মা মনোয়ারা বেগম সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন। তার সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যসহ সোনাইমুড়ীর পুলিশের একটি দল রয়েছে।’
ধারণা করা হচ্ছে, ‘অপারেশন টোয়াইলাইট’ এ হামলাকারীর মূলহোতা আশরাফুল আলম নাজিম। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে। সে ওই ইউনিয়নের কুমারঘরিয়া গ্রামের মৃত সুলতান আহাম্মেদের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোতাহের নিহতের মা মনোয়ারা বেগমের উদ্বৃতি দিয়ে জানান, আশরাফুল আলম নাজিম প্রথমে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কড়িহাটি ছালেহ মিয়া আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করে। পরে ঢাকায় তার নানার কাছে যায় এবং একটি মাদ্রাসায় ভর্তি হয়। সেখানে সে কোরআনে হাফেজ হন। এ সময় তার মায়ের সঙ্গে মাঝে মাঝে মোবাইলে যোগাযোগ হতো। কিন্তু গত ৮/৯ মাস থেকে তার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না।
দেওটি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল জানান, আশরাফুল আলম নাজিম দীর্ঘদিন ঢাকার একটি মাদ্রাসায় পড়াশুনা করতো বলে শুনেছি। তার বাবা সুলতান আহাম্মদ প্রায় ১২ বছর আগে মারা যায়।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ থেকে সিলেটের শিববাড়িতে আতিয়া মহল নামের বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। পরে সেনাবাহিনী সেখানে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালনা করে। এই অভিযানে চার জঙ্গি মারা যায়। তাদের মধ্যে এক নারীও ছিল।
অন্যদিকে অভিযান চলাকালীন সিলেটের পাঠানপাড়ায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। দুটি বিস্ফোরণে র্যা বের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদসহ ছয়জনের মৃত্যু হয়।
/এআর/








