খাগড়াছড়ি উপজেলা সদরের ভুয়াছড়িতে চাঁদাবাজি করার সময় এলাকাবাসী দুই সাংবাদিককে আটক করেছে। এরপর তাদের মারধর দিয়ে ভুয়াছড়ি সেনা ক্যাম্পে সোপর্দ করে এলাকাবাসী।
আটক দুই সাংবাদিকের একজন দৈনিক সংগ্রাম ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের খাগড়াছড়ি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন এবং অন্যজন সংবাদ প্রতিদিনের খাগড়াছড়ি প্রতিনিধি লোকমান হোসেন।
ভুয়াছড়ি এলাকার শাহজাহান মিয়া, কাবিল হোসেন, ইদ্রিস আলী জানান, ১০ এপ্রিল দক্ষিণ ভুয়াছড়িতে একটি পাহাড় কেটে মসজিদ নিমার্ণের কাজ করছিল এলাকাবাসী। ‘পাহাড় কাটা অবৈধ,এই বিষয়ে নিউজ করবো, আপনাদের জেল হবে’ এমন হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ওই দুই সাংবাদিক। এক পর্যায়ে বিষয়টি ৫ হাজার টাকায় দফারফা হয়। রবিবার (১৬ এপ্রিল) সকালে তারা পুনরায় গিয়ে ছবি তোলেন এবং বাকি টাকা দাবি করলে এলাকাবাসী তাদেরকে আটক করে স্থানীয় সেনা-ক্যাম্পে নিয়ে যান।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আবু তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, আটককৃত সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হবে।
এ বিষয়ে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ বলেন, ইদানিং খাগড়াছড়িতে হলুদ সাংবাদিকতা বেড়েছে। যারা সাংবাদিক নাম ও পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
/এসটি/






