লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন। সোমবার (৫ জুন) দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনটিলা বৌদ্ধ বিহারে আশ্রয়রতদের সঙ্গে কথা বলেন।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং দোষীদের বিচারও করা হবে। তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিআইজি মনিরুজ্জামান, রিজিওনাল কমান্ডার মীর মুশফিকুর রহিম, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, মাইনিমুখ জোনের কমান্ডার লে. কর্নেল আব্দুল আলিম চৌধুরী।
ক্ষতিগ্রস্ত এলাকা ও তিনটিলা বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে কর্মকর্তারা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হন। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এতে সভাপতিত্ব করেন।
রিজিওনাল কমান্ডার মীর মুশফিকুর রহিম বলেন, যে ঘটনাটি ঘটেছে তা আমি কল্পনা করতে পারছি না। একটি হত্যাকাণ্ড ঘটেছে, তাদের আইনের আওতায় আনা হবে কিন্তু সেই ঘটনাটিকে কেন্দ্র করে আরেকটি ঘটনা ঘটানো হয়েছে। তা আমাদের কারোই কাম্য ছিল না।
তিনি বলেন, খাগড়াছড়ি রিজিওন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৭ লাখ টাকা দেওয়া হয়েছে। এটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিরা সুবিধাজনক সময়ে মাইনীমুখ জোন কমান্ডারের কাছ থেকে নিতে পারবেন।
চট্টগ্রাম বিভাগের ডিআইজি মনিরুজ্জামান বলেন, কিছুদিন আগে রাঙামাটির নানিয়ারচরে ছাদিকুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আমরা বিচারের আওতায় এনেছি। নয়ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে। অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
/এনআই/বিএল/








