সাগরে লঘুচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে সৃষ্ট ঝড়ো হাওয়া ও প্রবল স্রোতের তোড়ে ট্রলারডুবির ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জেলের নাম এনায়েত (৩০), সে জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের বাসিন্দা।
এর আগে, গতকাল রবিবার গভীর রাতে হাতিয়ার দমার চর এলাকার মেঘনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ১৫ জন জেলে ও মাঝি-মাল্লার মধ্যে ৯ জন তাৎক্ষণিক সাঁতার কেটে তীরে ফিরে এলেও ৬ জন নিখোঁজ ছিলেন। পরে নিখোঁজদের মধ্যে ৫ জন ফিরে আসে ও এনায়েতের লাশ উদ্ধার করা হয়।
হাতিয়া উপজেলার নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, গতকাল রাতে আবদুল ওয়াহাব মাঝির একটি মাছ ধরা ট্রলার দমার চর এলাকায় ডুবে যায়। এসময় নৌকার মালিক আবদুল ওয়াহাবসহ ৬ জেলে নিখোঁজ হন। তাদের মধ্যে এনায়েত নামে এক জেলে পানিতে ডুবে মারা যান।
তিনি আরও জানান, সোমবার স্থানীয়রা নদীর পাড়ে তার লাশ ভাসতে দেখে হাতিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
/এমও/








