আমৃত্যু হাটহাজারী কওমি মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্বে থাকবেন হেফাজতের আমীর শাহ আহমদ শফী। শনিবার (১৫ জুলাই) সকালে মাদরাসার সর্বোচ্চ নীতি-নির্ধরণী কমিটি ‘মজলিসে শূরা’র বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে মজলিশে শূরার সদস্যরা একমত পোষণ করে বলেন, বর্তমান মহাপরিচালকের জীবদ্দশায় কাউকেই ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে নিয়োগ দেওয়া হবে না।
শাহ আহমদ শফি’র ব্যক্তিগত সহকারী মুনির আহমেদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মুনির আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (শনিবার) সকাল ৯টায় মাদ্রাসার মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল হুজুরের (শাহ আহমদ শফি) জীবদ্দশায় কাউকে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে নিয়োগ দেওয়া হবে না।’
সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়, শাহ আহমদ শফি হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের দায়িত্ব থেকে অবসর নিচ্ছেন। ওই প্রচারণাকে কেন্দ্র শনিবার সকাল ৯টায় মাদরাসার সর্বোচ্চ নীতি-নির্ধারণী কমিটি ‘মজলিসে শূরা’র বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা পর্যন্ত চলমান এই বৈঠকে শাহ আহমদ শফিকে আমৃত্যু মহাপরিচালকে রাখাসহ তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্য সিদ্ধান্তগুলো হলো- বর্তমান মহাপরিচালক শাহ আহমদ শফী শারীরিক অসুস্থতার দিকটি বিবেচনায় এনে তাকে দৈনন্দিন কাজে সহযোগিতা করার জন্য হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীকে সহযোগী পরিচালক হিসেবে নিযুক্তি দেওয়া হয়। অন্যদিকে মাদরাসার প্রধান মুফতী নূর আহমদকে শিক্ষাসচিব এবং আনাস মাদানীকে সহকারী শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
মুনির আহমদ বলেন, ‘প্রায় ৩ ঘন্টা ব্যাপী বৈঠকে প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগ, হিসাব বিভাগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর দীর্ঘ পর্যালোচনা ও নীরিক্ষা করা হয়। এসময় উপস্থিত শূরা সদস্যগণ শাহ আমদ শফীর সুদক্ষ পরিচালনায় দারুল উলূম হাটহাজারী মাদরাসার অভূতপূর্ব উন্নতি, প্রশাসনিক শৃঙ্খলা এবং স্বচ্ছ ও সুন্দর ব্যবস্থাপনার জন্য ভূয়সী প্রশংসা করেন।’
/এফএস/
আরও পড়ুন- চট্টগ্রামে এক ভারতীয় শিক্ষার্থীর হাতে আরেক ভারতীয় খুন






