লক্ষ্মীপুরে মালবাহী টেম্পু ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সিএনজি চালক দিদার ও আলমগীর নামের এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে রামগতির উদ্দেশে ছেড়ে যাওয়া মালবাহী একটি টেম্পুর সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী এক নারী ও তার শিশু সন্তানসহ অন্য যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন- সিএনজি চালক দিদার, নারী যাত্রী মারজাহান বেগম ও তার ১৩ মাস বয়সী শিশু মেহেরাজ এবং আলমগীর। বাকি দু’জনের নাম জানা যায়নি।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
/এমও/








