লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার বালাইশপুর গ্রাম থেকে জাহাঙ্গীর (৪০) নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩টি বন্দুক ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার (৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার জাহাঙ্গীর বালাইশপুর গ্রামের বাসিন্দা শাহ আলমের ছেলে।
ওসি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বালাইশপুর গ্রামে অভিযান চালিয়ে প্রথমে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকার একটি বাগান থেকে বস্তা ভর্তি অবস্থায় ২টি একনলা বন্দুক,১টি দোনলা বন্দুক ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’








