সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.দীপু মনি এমপি বলেছেন, ‘এক বছর পর আমাদের জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আমরা যেন বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হিসেবে রাজনীতিকে ধরে রাখতে পারি এবং নৌকার বিজয়কে সারা বাংলাদেশে সুনিশ্চিত করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে।’
সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাষা সৈনিক অধ্যক্ষ শেখ মুহাম্মদ আবু হামেদ স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন,‘বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্যে ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লক্ষ্য স্থির করেছেন সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।’
ভাষা সৈনিক অধ্যক্ষ শেখ মুহাম্মদ আবু হামেদ স্মারকগ্রন্থ প্রকাশনা কমিটির উপদেষ্টা অধ্যাপক ড.শাহজাহান ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।








