ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি জেলা সংগঠক মিঠুন চাকমা হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রবিবারও (৭ জানুয়ারি) জেলায় অবরোধ চলছে। মিঠুন চাকমার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্নে বাধা দেওয়া ও তার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার সকাল থেকে এই সড়ক অবরোধ চলছে।
শনিবার সারাদিন অবরোধ পালনের পর রবিবার সন্ধ্যায় জেলা ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবারও কর্মসূচি বাড়ানো হয়।
রবিবার সকালে অবরোধে খাগড়াছড়ি শহরে পুলিশের কড়া নিরাপত্তায় ঢাকা থেকে ছেড়ে আসা নাইটকোচগুলো প্রবেশ করলেও দূরপাল্লার কোনও যানবাহন ছেড়ে যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ সড়কগুলোতে কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। বেলা ১২টা পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনও ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা আছে।
এর আগে, শুক্রবার মিঠুনের লাশ তার দীর্ঘদিনের সংগঠন ইউপিডিএফ’র জেলা কার্যালয়ে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে নিতে চাইলে স্থানীয় প্রশাসন বাধা দেয়। এর প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফসহ সমমনা কয়েকটি সংগঠন। শুক্রবার বিকালে খাগড়াছড়ি সদরের বটতলী এলাকার পারিবারিক শ্মশানে সাংগঠনিক ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে মিঠুন চাকমার দাহক্রিয়া সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় মিঠুন চাকমাকে খাগড়াছড়ি সদরের স্লুইস গেট এলাকায় গুলি করে হত্যা করা হয়। তবে এখন পর্যন্ত থানায় কোনও মামলা দায়ের হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থার নেওয়ার কথা জানালেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।
আরও পড়ুন- মিঠুন চাকমা হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি, পাহাড়জুড়ে আতঙ্ক







