সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে নোয়াখালী সদরের দত্তেরহাট বাজারে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে গুলিবিদ্ধসহ দু’জন আহত হয়েছেন। এদিকে, জজ কোর্ট চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিলে সন্ত্রাসী হামলায় চার আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শামীম (২৭) শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আহতরা হলেন- রুবেল (২২), অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট আবদুল মালেক, অ্যাডভোকেট মজিবুর রহমান ও অ্যাডভোকেট সারোয়ার দিদার।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের প্রতিক্রিয়ায় বিকালে নোয়াখালী সদরের দত্তেরহাট বাজার এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিরটি ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। এতে শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম গুলিবিদ্ধ এবং রুবেল নামে এক দোকানদার আহত হন।
একই সময় জেলা জজ আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা একটি প্রতিবাদ মিছিল বের করে। এ সময় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা করে। এতে চার আইনজীবী আহত হন।
সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন মিছিলে পুলিশের হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বিশৃঙ্খলা এড়াতে মিছিলে শটগানের গুলি ছোড়ে পুলিশ। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে বলে আমার জানা নেই। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’






