খালেদা জিয়ার রায় ঘোষণা নিয়ে কক্সবাজারে মাঠে ছিল না বিএনপির কোনও নেতাকর্মী। জেলার কোথাও বিএনপির কর্মীদের দেখা যায়নি। জেলা বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন বলে আলোচনা চলছে। জেলার প্রধান সারির নেতাদের ফোনে একাধিকবার চেষ্টা করেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।
এদিকে খালেদা জিয়ার রায়ের পরপরই কক্সবাজারে আনন্দ মিছিল করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। খালেদা জিয়ার রায় ঘোষণার পর শহরের রুমালিয়ারছড়া থেকে ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। এছাড়াও কক্সবাজার শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা।
খালেদা জিয়ার রায় পরবর্তী যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবেলায় কক্সবাজারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়ন রয়েছে। টহল দিচ্ছে বিজিবি, পুলিশ ও র্যাবের যৌথ টহল দল।
জানতে চাইলে কক্সবাজার পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন বলেন, ‘খালেদা জিয়ার রায় ঘোষণার পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। শহর ছাড়াও পুরো জেলায় ৪ প্লাটুন র্যাব, ৪ প্লাটুন বিজিবি ও ২ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।’







