বান্দরবানে বজ্রাঘাতে দুই বোনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিল। জেলার সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ায় শুক্রবার (১৮ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়ররা জানায়, বৃষ্টিতে ছড়ার পানিতে গোসল করার সময় বজ্রাঘাতে দুই বোন মারা যান। তারা হলেন-কৌশলা দেবি তঞ্চঙ্গ্যা (২৫) ও নবম শ্রেণির ছাত্রী সুজলা তঞ্চঙ্গ্যা (১৫)। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাজবিলা ইউনিয়ন পরিষদের সচিব উশৈ মং জানান, রাজবিলায় শুক্রবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এসময় বজ্রাঘাতে অন্তঃসত্ত্বা নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা রমনী তঞ্চঙ্গ্যার কন্যা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, বজ্রাঘাতে একই পরিবারের দুই বোন মারা গেছেন। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








