৩ বছর আগে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ৪৫৩ নেতাকর্মীকে আসামি করে তিনটি পৃথক অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানিয়েছেন, বুধবার (০৪ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রগুলো দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আসামিদের তালিকায় অন্যান্যদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির তৎকালীন সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির বর্তমান সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, উত্তর জেলা বিএনপির সভাপতি আসলাম চৌধুরী, জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম ও শাজাহান চৌধুরী।
নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী ও দণ্ডবিধি আইনে এ তিনটি পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালত অভিযোগপত্র গ্রহণ করে আগামী ৯ জুলাই শুনানির দিন ধার্য করেছেন। তিনটি অভিযোগপত্রে বিএনপি-জামায়াতে মোট ৪৫৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’
২০১৫ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বর্ষপূর্তির দিন বিকালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছিল বিএনপি-জামায়াত জোট। সমাবেশের এক পর্যায়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা সড়কে চলমান যানবাহন ভাঙচুর করে। আগুনও ধরিয়ে দেয় বেশ কয়েকটি যানবাহনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। আটক করা হয় বিএনপি-জামায়াতের তিনশতাধিক নেতাকর্মীকে। পরে এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৫০০ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করে।








