বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেলারেল (ডিআইজি) মোল্লা ফখরুল ইসলাম বলেছেন,‘পর্যটন নগরী কক্সবাজারসহ সারা দেশে ভ্রমণ পিয়াসু দেশি-বিদেশি পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য ভ্রমণে আসা কোনও পর্যটক হয়রানির শিকার হলে কাউকে রেহাই দেওয়া হবে না। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।’ বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিআইজি মোল্লা ফখরুল ইসলাম আরও বলেন, ‘দেশের পর্যটন শিল্প বিকাশে কক্সবাজারের উন্নয়নের কোনও বিকল্প নেই। শুধু দেশি পর্যটক নয়, বিদেশি পর্যটকদের সঙ্গেও আমাদের ভালও আচরণ করতে হবে এবং তাদের সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে এসব পর্যটকদের জেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণের সুযোগ সৃষ্টি করতে হবে। এতে করে বিশ্বের দরবারে কক্সবাজারের সুনাম বাড়বে। এজন্য তিনি ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম। এসময় বক্তব্য রাখেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলে রাব্বি, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস রানা, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক ও দীপক শর্মা দীপুসহ সাংবাদিক নেতারা।







