বাসচাপায় রাজধানীতে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা এই দাবি জানান। একই কর্মসূচি থেকে তারা নিরাপদ সড়কেরও দাবি জানান।
এর আগে নগরীর কাজির দেউরি মোড়ে শিক্ষার্থীরা সমবেত হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশের অনুরোধে পরবর্তীতে সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে এসে তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। সেখানে দুপুর ১২ টা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
শিক্ষার্থীরা এসময় রাজধানীতে বাসের চাপায় নিহত দুই শিক্ষার্থীর খুনিদের শাস্তির দাবিতে স্লোগান দেন। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধেও স্লোগান দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি একটাই আমরা নিরাপদ সড়ক চাই। সড়কে আর কোনও মৃত্যু চাই না। আমরা ঢাকায় বাস চাপায় নিহত দুই শিক্ষার্থীর খুনিদের শাস্তি চাই।’ এসময় শিক্ষার্থীরা নৌমন্ত্রীকে অপসারণের দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে চট্টগ্রাম মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজ, বেপজা কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।







