নতুন কমিটিকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসের ভেতর এই ঘটনা ঘটে। এসময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে কাম্পাসে প্রবেশের চেষ্টা করলে নতুন কমিটিতে পদ পাওয়া নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় মো. রেজাউল (২৫) নামে এক পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।
নতুন কমিটির সভাপতি মাহমুদুল করিম ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনও ঘটনা ঘটেনি। দুপুরে কিছু অছাত্র ক্যাম্পাসে প্রবেশ করে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে আমরা প্রশাসনকে বিষয়টি জানাই। পরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেন।’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন কমিটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রসঙ্গত, প্রায় ৩৪ বছর পর গত ১৭ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় মহানগর ছাত্রলীগ। পরে টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে দাবি করে এই কমিটি বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে পদবঞ্চিতরা। এরপর ১৯ সেপ্টেম্বর দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। ওই পদ বঞ্চিতদের সঙ্গে অস্ত্রধারী কয়েকজন যুবককে দেখা যায়। পরদিন ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদবঞ্চিতরা। সর্বশেষ ৩ অক্টোবর আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।







