বান্দরবানের থানচির সাঙ্গু নদীতে পাথরে ধাক্কা লেগে নৌকা উল্টে মো. নিজাম উদ্দিন (২৪) নামে এক কাঠুরিয়া নিখোঁজ হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) সকালে থানচির বড়পাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চলছে। তবে তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ নিজাম উদ্দিন (২৪) কক্সবাজারের চকরিয়ার টইটং গ্রামের মো. নুরুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ১১ জন কাঠুরিয়া একটি নৌকায় সাঙ্গু নদী পথে তিন্দু থেকে থানচি সদরের দিকে যাচ্ছিলেন। পথে বড়পাথর এলাকায় একটি পাথরে ধাক্কা লেগে তাদের নৌকাটি উল্টে ডুবে যায়। এসময় ১০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিজাম উদ্দিন নিখোঁজ থাকেন।
এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, ‘তিন্দু থেকে থানচি আসার পথে পাথরে ধাক্কা লেগে নৌকা উল্টে ডুবে গিয়ে নিজাম উদ্দিন নামে একজন কাঠুরিয়া নিখোঁজ রয়েছেন। বুধবার সারাদিন পুলিশ তাকে উদ্ধারে চেষ্টা চালিয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। রাতে উদ্ধার কাজ বন্ধ ছিল। সকাল থেকে আবারও উদ্ধার কাজ শুরু হয়েছে।







